
কাজী আন্নিল তানভীর, স্টাফ রিপোর্ট: ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।প্রশাসনিক দায়িত্ব পালনের সময় মাঠপর্যায়ে সক্রিয় উপস্থিতি, জনসেবামুখী উদ্যোগ এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য ফরিদা খানম পরিচিতি লাভ করেন। ঢাকার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নাগরিক সেবা সহজীকরণ, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। তার অন্যতম উল্লেখযোগ্য উদ্যোগ ছিল ‘হ্যালো ডিসি’, যার মাধ্যমে সাধারণ মানুষ ফোন ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে জেলা প্রশাসকের কাছে সরাসরি অভিযোগ, পরামর্শ এবং সেবাসংক্রান্ত সমস্যার কথা জানাতে পারেন। অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশনা দেওয়ার ব্যবস্থাও চালু করা হয়। ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে তিনি রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের উদ্যোগ নেন। এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা, বর্জ্য পৃথকীকরণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতন করা হয়। একই সঙ্গে তিন রঙের ডাস্টবিন ব্যবহার করে বর্জ্য ব্যবস্থাপনার ধারণাও ছড়িয়ে দেওয়া হয়।’
রাজধানীর আমিনবাজার এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেন তিনি। পাশাপাশি এলাকাটি পরিচ্ছন্ন করে বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধনের পরিকল্পনাও গ্রহণ করা হয়। ভূমি ব্যবস্থাপনায় আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি খাস জমি ও ওয়াকফ সম্পত্তি অবৈধ দখলমুক্ত করতে একাধিক অভিযান পরিচালনা করা হয়। সরকারি সম্পত্তি রক্ষায় নিয়মিত উচ্ছেদ অভিযানও পরিচালিত হয়েছে তার নেতৃত্বে। এসএসসি ও এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে তিনি বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। প্রশ্নফাঁসের গুজব ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। মানবিক প্রশাসনের অংশ হিসেবে অসহায়, প্রতিবন্ধী ও চিকিৎসাসহায়তাপ্রত্যাশী ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন সামাজিক উদ্যোগেও সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। এ ছাড়া রাজধানীর যানজট নিরসনে গুলিস্তানের ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় স্থানান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে পরিদর্শন করেন।
এর আগে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং বাজার তদারকির মাধ্যমে আলোচনায় আসেন। সংশ্লিষ্টদের মতে, জনবান্ধব প্রশাসন, সুশাসন প্রতিষ্ঠা এবং মাঠপর্যায়ের কার্যকর নেতৃত্বের কারণে ফরিদা খানম একজন দক্ষ প্রশাসক হিসেবে সুনাম অর্জন করেছেন। যুগ্মসচিব হিসেবে পদোন্নতির মাধ্যমে তার প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষতা দেশের বৃহত্তর প্রশাসনিক কর্মকাণ্ডে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
প্রতিবেদকের নাম 




















