
জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লার দেবিদ্বারে অবৈধ ড্রেজার দিয়ে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। ০৩ জুলাই (শুক্রবার) উপজেলার বিভিন্ন এলাকায় একটি সফল অবৈধ ড্রেজার বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি যৌথভাবে নেতৃত্ব দেন দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ফয়সল উদ্দিন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুবিল ইউনিয়নের রাঘবপুর এবং সুবিল পূর্বপাড়া গ্রামে এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে ফসলি জমি ও পরিবেশের মারাত্মক ক্ষতিসাধনকারী ৩টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করে সঙ্গে সঙ্গেই বিনষ্ট করা হয়। একই সাথে ড্রেজার পরিচালনায় ব্যবহৃত প্রায় ১৫০০ ফুট পাইপ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব অশোক বিক্রম চাকমা বলেন, “অবৈধ ড্রেজারের কারণে আমাদের তিন ফসলি কৃষি জমি ও চারপাশের পরিবেশ হুমকির মুখে পড়ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ফসলি জমি রক্ষায় আমরা শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি গ্রহণ করেছি। সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ ফয়সল উদ্দিন জানান, পরিবেশ ও কৃষকের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। ড্রেজার সিন্ডিকেটের বিরুদ্ধে দেবিদ্বার উপজেলা প্রশাসনের এ ধরণের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। এদিকে প্রশাসনের এই ঝটিকা ও সাহসী অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় কৃষক ও সচেতন মহল। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত এমন অভিযানের ফলে এলাকার ফসলি জমিগুলো রক্ষা পাবে।
প্রতিবেদকের নাম 


















