
জিহাদুল ইসলাম, স্টাফ রিপোর্টার
রাজধানীর কারওয়ান বাজার ও বাংলামোটর এলাকায় স্থাপিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ট্রাফিক ক্যামেরাগুলো অচল হয়ে পড়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ট্রাফিক বিভাগ বলছে, শহরের সব এআই ক্যামেরা বর্তমানে সচল রয়েছে এবং নিয়ম অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালনা করছে।
সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, কারওয়ান বাজার ও বাংলামোটরের মতো গুরুত্বপূর্ণ ট্রাফিক সিগন্যালে থাকা আধুনিক নজরদারি ক্যামেরাগুলো কাজ করছে না। এতে জনমনে ব্যাপক বিভ্রান্তি ও আলোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে ডিএমপির আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সিস্টেম বিশ্লেষক শারমিন আফরোজ গণমাধ্যমকে বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য সঠিক নয়। কারওয়ান বাজার এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামো উন্নয়নজনিত কিছু কারিগরি কাজ চলাকালীন ক্যামেরা সংযোগের তার সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এর ফলে ওই এলাকায় কিছু সময়ের জন্য এআই ক্যামেরার কার্যক্রমে বিঘ্ন ঘটেছিল, তবে এটি কোনো নীতিগত সিদ্ধান্ত বা ক্যামেরা বন্ধ করার ফল নয়।”
তিনি আরও জানান, কারিগরি ত্রুটি মেরামতের পর ক্যামেরাগুলো পুনরায় সচল করা হয়েছে। বর্তমানে কারওয়ান বাজার এলাকায় তিনটি এআই ক্যামেরা চালু রয়েছে এবং আরও একটি ক্যামেরা স্থাপনের কাজ চলমান।
শনিবার (২০ জুন) ডিএমপি সূত্রে জানা গেছে, রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে বর্তমানে মোট ১১০টি এআই ট্রাফিক ক্যামেরা সক্রিয়ভাবে কাজ করছে। এছাড়াও আরও ১০টি ক্যামেরা স্থাপনের কাজ চলমান রয়েছে। ভবিষ্যতে এই নজরদারি ব্যবস্থার পরিধি আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে পুলিশের।
ট্রাফিক কর্মকর্তারা বলছেন, এআই ক্যামেরা ব্যবস্থা বন্ধ করার কোনো পরিকল্পনা নেই বরং স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো হচ্ছে। তাই এ ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রতিবেদকের নাম 
























