
নাজমুল ফয়েজ টুটুল, হোসেনপুর প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলা রোভার স্কাউটসের ঝুলিতে যুক্ত হলো এক অনন্য ও ঐতিহাসিক গৌরব। জেলায় স্কাউটিং কার্যক্রমের অভূতপূর্ব সম্প্রসারণ, সদস্য বৃদ্ধি, গুণগত মানোন্নয়ন এবং দক্ষ নেতৃত্ব বিকাশে অসামান্য অবদান রাখায় আনুষ্ঠানিকভাবে, শতভাগ রোভার জেলা, হিসেবে স্বীকৃতি অর্জন করেছে কিশোরগঞ্জ।
আজ বুধবার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পক্ষ থেকে কিশোরগঞ্জ জেলাকে এই বিশেষ সম্মাননা ও সনদ প্রদান করা হয়।
সংশ্লিষ্টরা জানান, এই অর্জন কেবল একটি সনদের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি জেলার সর্বস্তরের রোভার, গার্ল-ইন-রোভার, ইউনিট লিডার এবং স্কাউটিং কর্মকর্তা ও শুভানুধ্যায়ীদের অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা এবং ত্যাগের এক অনন্য স্বীকৃতি। এই গৌরবময় সাফল্যে কিশোরগঞ্জ জেলা রোভার পরিবারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কাউটস আন্দোলনের একঝাঁক শীর্ষস্থানীয় কর্মকর্তা। তাদের মধ্যে উপস্থিত ছিলেন:
জনাব আবুল খায়ের সরকার, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল, প্রফেসর মোঃ লুতফুর রহমান আশিক, সহসভাপতি, রোভার অঞ্চল, শিকদার রুহুল আমীন, আঞ্চলিক উপ-কমিশনার (সংগঠন), জনাব মোস্তাফিজুর রহমান, আঞ্চলিক উপ-কমিশনার (প্রশিক্ষণ) সাবিনা ইয়াসমিন, আঞ্চলিক উপ-কমিশনার (গার্ল-ইন-রোভার) আশরাফ আলী, আঞ্চলিক উপ-কমিশনার, রোভার অঞ্চল।
এছাড়াও অনুষ্ঠানে দেশের সব জেলার সম্পাদকবৃন্দ এবং রোভার অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জ জেলার পক্ষে এই গৌরবময় সম্মাননা গ্রহণ করেন জেলা রোভারের সাধারণ সম্পাদক মোঃ কামরুল আহসান।
কিশোরগঞ্জ জেলা রোভার স্কাউটসের নেতৃবৃন্দ জানান, এই স্বীকৃতি জেলার স্কাউটিং আন্দোলনকে আরও বেগবান করবে এবং তরুণ প্রজন্মকে দেশসেবা ও মানবিক কাজে উদ্বুদ্ধ করতে একটি বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
প্রতিবেদকের নাম 


















