
মো: রাসেল মিয়া- গাজীপুর
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি থানা এলাকার ৯ নম্বর ওয়ার্ডে ১৩ নং ওয়ার্ড চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব শওকত হোসেন সরকার।
শনিবার (১৩ জুন) উন্নয়ন কার্যক্রমের গতি ও মান নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন প্রকল্প এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি চলমান সড়ক উন্নয়ন, ড্রেন নির্মাণ, পানি নিষ্কাশন ব্যবস্থা, জনসাধারণের চলাচল সুবিধা বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নমূলক কাজের সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে প্রশাসক শওকত হোসেন সরকার সংশ্লিষ্ট প্রকৌশলী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন কাজ সম্পন্ন করার পাশাপাশি নির্মাণকাজের গুণগত মান বজায় রাখার নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, নগরবাসীর জীবনমান উন্নয়ন এবং টেকসই অবকাঠামো গড়ে তুলতে গাজীপুর সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়ন কর্মকাণ্ডে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, নাগরিক সেবা নিশ্চিত করতে চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধান করা হবে। বিশেষ করে জলাবদ্ধতা নিরসন, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশবান্ধব নগর গঠনে সিটি কর্পোরেশন গুরুত্বের সঙ্গে কাজ করছে।
পরিদর্শনকালে গাজীপুর সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রকৌশল বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা প্রশাসকের এ ধরনের সরেজমিন পরিদর্শনকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, এতে উন্নয়ন কাজের গুণগত মান নিশ্চিত হওয়ার পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে নাগরিক সুবিধা সম্প্রসারণ এবং আধুনিক নগর অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কোনাবাড়ি থানা এলাকার ৯ নম্বর ওয়ার্ডে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করতে এই পরিদর্শন অনুষ্ঠিত হয়।
প্রতিবেদকের নাম 



















