মোঃরাসেল বিশেষ প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘টিটি এন্ড ডিসি কাটা পাহাড়’ এলাকায় ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটেছে। গত কয়েক দিনের টানা বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের ফলে পাহাড়ের বিশাল অংশ ধসে পড়ে রাস্তাটির ওপর এসে পড়েছে। এর ফলে সড়ক যোগাযোগ ব্যবস্থা কার্যত বন্ধ হয়ে পড়েছে এবং স্থানীয়রা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। সরেজমিনে দেখা যায়, আজ মঙ্গলবার ৭ জুলাই পাহাড়ের মাটি ও গাছপালা ধসে সড়কটি এমনভাবে ঢেকে গেছে যে, ছোটখাটো যানবাহন চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষের পায়ে হেঁটে যাতায়াত করাও এখন ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, এই পথ দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী, রোগী এবং কর্মজীবী মানুষ যাতায়াত করেন। বর্তমানে বিকল্প কোনো পথ না থাকায় স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও জরুরি প্রয়োজনে চলাচলকারী মানুষ জীবনের ঝুঁকি নিয়ে মাটি ও কাঁদা মাড়িয়ে পারাপার হচ্ছেন। স্থানীয়রা জানান, সড়কটির বেহাল দশার কারণে পণ্য পরিবহনও অসম্ভব হয়ে পড়েছে, ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সংকট ও ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। যেকোনো সময় আরও বড় ধরনের ধসের আশঙ্কায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী সাধারণ মানুষ এবং স্থানীয় সচেতন মহল লামা পৌর প্রশাসক ও উপজেলা প্রশাসন (ইউএনও) মহোদয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অবিলম্বে মাটি অপসারণ করে রাস্তাটি দ্রুত চলাচলের উপযোগী করার জোর দাবি জানিয়েছেন। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, রাস্তাটি দ্রুত সংস্কার না করলে আমাদের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আমরা প্রশাসনের কাছে দ্রুত ত্রাণ ও সংস্কার কাজ শুরুর আকুল আবেদন জানাচ্ছি। লামার দায়িত্বশীল কর্তৃপক্ষ এই বিষয়ে অতি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন—এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় জনসাধারণ।