নাজমুল ফয়েজ টুটুল, হোসেনপুর, কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।মঙ্গলবার, ৯ জুন সকাল ৮টার দিকে উপজেলার পুমদী ইউনিয়নের ডাহুরা দাখিল মাদ্রাসা সড়কের পশ্চিম পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হোসেনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তার মুখে ওষুধের মতো লালা লেগে ছিল। পরনে ছিল লুঙ্গি ও গায়ে শার্ট। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাশেদুল ইসলাম জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। দুর্বৃত্তরা চলন্ত গাড়ি থেকে তাকে এখানে ফেলে গিয়ে থাকতে পারে। পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।
তিনি আরও বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আশপাশের লোকজন ও তথ্যের ভিত্তিতে নিহতের পরিচয় শনাক্ত এবং জড়িত দুর্বৃত্তদের ধরতে কাজ চলছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।