নিজস্ব প্রতিবেদকঃ স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সক্ষমতা কমিশনের রয়েছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য মো. আবুল হাসনাতের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল জানান, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রথমবারের মতো আইটি-সমর্থিত পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটার নিবন্ধন ব্যবস্থা চালু করেছে নির্বাচন কমিশন। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনেও এ ব্যবস্থা অব্যাহত থাকবে এবং আরও বেশি সংখ্যক প্রবাসী বাংলাদেশিকে এর আওতায় আনতে কমিশন কাজ করছে।
এদিকে গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আবদুল করিমের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আপাতত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের (মেম্বার) বেতন-ভাতা বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। জেলা পরিষদে সংসদ সদস্যদের ভূমিকা সম্পর্কে আরেক প্রশ্নের উত্তরে তিনি জানান, সংশ্লিষ্ট জেলার সংসদ সদস্যরা জেলা পরিষদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং পরিষদের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় পরামর্শ দেবেন।