সিলেট প্রতিনিধি: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ২২ লাখ ৫ হাজার ৭১০ টাকা। বুধবার (২১ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর আওতাধীন সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার, সোনারহাট, প্রতাপপুর, নোয়াকোট, দমদমিয়া ও সংগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় গরু, মহিষ, মদ, বিয়ার, চিনি, মাল্টা, বাসমতি চাল, জিরা, অলিভ অয়েল ও সাবানসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের ব্যাপারে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।