
সিলেট প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে আটককৃতদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪ নেতাকর্মী রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, নাশকতার পরিকল্পনা করছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দলের সদস্যরা- এমন খবরে অভিযান চালিয়ে রাত সাড়ে ১২টার দিকে বিয়ানীবাজার সরকারি কলেজের সামনে থেকে ফতেপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে ও পৌর ছাত্রলীগ নেতা তারেক আহমদ মুসা (২৫), এরপর রাত দেড়টার দিকে বিয়ানীবাজার সরকারি হাসপাতালের সামনে থেকে কাকরদিয়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান খান রাহিম (২৩), রাত ২টার দিকে আব্দুল্লাহপুর গ্যাস পাম্পের খেলার মাঠ থেকে মাথিউরা পূর্ব পাড় গ্রামের বাহার উদ্দিন খানের ছেলে ও উপজেলা ছাত্রলীগ নেতা এহসান হোসাইন খান (২৩) ও দুবাগ ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তাক আহমদ খান (৪৬) কে আটক করা হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবীর জানান, সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতারকৃত ব্যক্তিদের বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।