এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ চত্বরে দীর্ঘদিন ধরে ওজন মাপার কাজ করে সবার কাছে পরিচিত মুখ ‘ওজন দাদু’। শিক্ষার্থী, শিক্ষক ও পথচারীদের কাছে তিনি সুপরিচিত হলেও, বর্তমান সময়ে শুধুমাত্র ওজন মেপে জীবিকা নির্বাহ করা তার জন্য ক্রমেই কঠিন হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল আল-আমিন। তিনি ওজন দাদুর জন্য কিছু কলম কিনে দিয়েছেন, যাতে তিনি ওজন মাপার পাশাপাশি কলম বিক্রি করে অতিরিক্ত আয় করতে পারেন এবং সংসারের ব্যয় নির্বাহে কিছুটা স্বস্তি পান। শুধু একবারের সহায়তাতেই থেমে থাকেননি রাফিউল আল-আমিন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, এই কলমগুলো বিক্রি হয়ে গেলে পুনরায় নতুন করে কলম কিনে দেবেন, যাতে ওজন দাদুর আয়ের এই অতিরিক্ত পথটি অব্যাহত থাকে।
স্থানীয়দের মতে, এমন ছোট ছোট মানবিক উদ্যোগই সমাজে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা জোগায়। একজন মানুষের পাশে দাঁড়ানোর এই মানসিকতা অন্যদেরও মানবিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে। সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে এমন উদ্যোগ আরও বৃদ্ধি পাকএমন প্রত্যাশাই সংশ্লিষ্ট সবার।