মোঃরাসেল বিশেষ প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং পাহাড়ের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বান্দরবান জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে সনাতন সম্প্রদায়ের মানুষের হাতে এই শারদীয় উপহার ও বস্ত্র তুলে দেওয়া হয়।
উক্ত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বান্দরবান জেলা শাখার আহ্বায়ক রাজু কর্মকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য চুনু মং, জেলা পরিষদের সদস্য জসিম উদ্দিন তুষার এবং বাবু লিটন বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাবেদ রেজা বলেন, "বাংলাদেশ ও আমাদের পার্বত্য অঞ্চল আবহমান কাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। এখানে সব ধর্মের মানুষ অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্ম ও উৎসব পালন করে আসছেন। শারদীয় দুর্গোৎসবের এই আনন্দ যেন প্রতিটি পরিবারে সমানভাবে ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যেই আমাদের এই উপহার ও বস্ত্র বিতরণের ক্ষুদ্র প্রয়াস।" তিনি আরও বলেন, যেকোনো উৎসব ও সংকটে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্যে রাজু কর্মকার উৎসবে সবার পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং আগামীতেও এই সম্প্রীতির ধারা বজায় রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের স্থানীয় নেতৃবৃন্দ, জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের বিশিষ্ট প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।