
তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম):চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে সাধারণ মানুষের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সাব-সেন্টার-০১-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয় (বঙ্গবন্ধু স্কুল) সড়কের জালিয়াখালী নতুন বাজার এলাকায় ‘রোহাব স্টেশনারী ও কম্পিউটার’ নামে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন শীলকূপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরী।এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অরুণ জয় ধর, সাংবাদিক শিব্বির আহমদ রানা, ইউপি সদস্য আ.ক.ম. আশিক হোসাইন চৌধুরী, পরিষদের উদ্যোক্তা ও প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হোসাইন মোহাম্মদ রিয়াজ, গ্রামপুলিশ সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরী বলেন, বর্তমান সময়ে ডিজিটাল সেবা মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। ইউনিয়ন পর্যায়ে এ ধরনের সেবা কেন্দ্র চালু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন অনলাইন ও দাপ্তরিক কাজ আরও সহজ হবে। তিনি সেবার মান বজায় রেখে সততা, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ মানুষের পাশে থাকার জন্য উদ্যোক্তার প্রতি আহ্বান জানান।
সংশ্লিষ্টরা জানান, এই সাব-সেন্টারের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন ধরনের অনলাইন ও ডিজিটাল সেবা গ্রহণ করতে পারবেন। বিশেষ করে নিয়মিত অফিস সময় বিকেল ৪টার পরও এখানে বিভিন্ন অনলাইন ও দাপ্তরিক কাজ সম্পন্ন করার সুযোগ থাকবে। এতে কর্মব্যস্ত মানুষ, বিশেষ করে যারা দিনের বেলায় সময়ের অভাবে প্রয়োজনীয় কাজ করতে পারেন না, তারা বাড়তি সুবিধা পাবেন।