স্টাফ রিপোর্টার, আব্দুর রহমান মোল্লা: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা কেন্দ্র করে কেরানীগঞ্জের কদমতলী ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে কঠোর নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পূজা মণ্ডপগুলোতে ভক্তদের নির্বিঘ্ন যাতায়াত এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে নিয়মিত দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
আজ ১৫ই অক্টোবর (২০২৬), কদমতলী চত্বর ও এর আশপাশের সংযোগ সড়কগুলোতে সরেজমিনে দেখা যায়, উৎসবমুখর পরিবেশের মধ্যেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অত্যন্ত সুশৃঙ্খল ও দায়িত্বশীলতার সাথে ট্রাফিক ব্যবস্থাপনা পরিচালনা করছেন।
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সংলগ্ন কদমতলীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নিয়োজিত পুলিশ সদস্যরা নিয়মিত যানবাহনের গতিবিধি নিয়ন্ত্রণ, গতিসীমা পর্যবেক্ষণ এবং ট্রাফিক আইন মেনে চলতে চালকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। পূজা কেন্দ্রিক অতিরিক্ত যানবাহনের চাপ থাকা সত্ত্বেও তাঁদের নিরলস ও কার্যকর ভূমিকার কারণে কোনো ধরনের অপ্রীতিকর যানজট সৃষ্টি হয়নি।
স্থানীয় বাসিন্দা, পুণ্যার্থী ও দূরপাল্লার চালকেরা জানান, দুর্গোৎসব উপলক্ষ্যে পুলিশ প্রশাসনের প্রশংসনীয় তৎপরতা ও সার্বক্ষণিক নজরদারির ফলে সড়ক পারাপার এবং যাতায়াত অত্যন্ত সুগম হয়েছে। ট্রাফিক শৃঙ্খলার এই ধারাবাহিক বজায় থাকায় স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে স্বস্তি ও সন্তোষ দেখা গেছে।