মাহাদী হাসান অন্তর বাগেরহাট: বাগেরহাটের শরণখোলা উপজেলার জনতা মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার (১১ মে) ওয়াইল্ডটিমের উদ্যোগে “আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়েছে। যুবসমাজের ক্ষমতায়ন ও সুন্দরবন সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। পরে ভিডিও উপস্থাপনার মাধ্যমে সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়। এছাড়াও আলোচনা সভা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরণখোলা রেঞ্জের ভোলা টহল ফাঁড়ির ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার, শিক্ষক আল আমিন খাঁন, শিক্ষক আব্বাস, আরটিভির সাংবাদিক নাজমুল ইসলাম, ওয়াইল্ড টিমের কো-অর্ডিনেটর আবু জাফর, ওয়াইল্ড টিমের (পিও) বায়েজিদ, ওয়াইল্ড টিমের আলম হাওলাদার ও সোবাহান প্রমুখ।