মোঃ সৈয়দ মিয়া চট্টগ্রাম ব্যুরো: ছাত্র-জনতা জুলাইয়ে লুটেরা ও চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মানুষের অধিকার হরণ, অন্যায়-অবিচার ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের জবাবদিহি করতে হবে। মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে মহানগরী জামায়াত আয়োজিত ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তন সাথী-সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, গত ১৭ বছরে জামায়াতের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালানো হয়েছে। ইসলামী আন্দোলনের দায়িত্ব আমৃত্যু পালন এবং সততা ও নৈতিকতার মাধ্যমে মানুষের আস্থা অর্জনের আহ্বান জানান তিনি। সম্মেলনে বিশেষ অতিথিরা দেশ গঠন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। এতে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন।