
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) লালপুর থানা পুলিশের পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— উপজেলার আড়বাব ইউনিয়নের মোড়দহ গ্রামের মো. আক্কাস আলী (৫৪), বিদ্যুৎ হোসেন (৪০) ও রুবেল হোসেন (৩৫); বাহাদুরপুরের বড় পুকুরপাড় এলাকার লুৎফর রহমান মিলন (৪৭) ও আবু সালেহ মো. লুৎফুল হায়দার দিপু (৪৬); লালপুর ইউনিয়নের দক্ষিণ লালপুর গ্রামের শহিজ উদ্দিন (৫৪) এবং ওয়ালিয়া ইউনিয়নের বড় ময়না মণ্ডলপাড়া গ্রামের নিরব হোসেন ওরফে ইমন (২৫)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজন সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগ ও যুবলীগের সদস্য এবং ছাত্রলীগের সাবেক সদস্য রয়েছেন।তাঁদের বিরুদ্ধে লালপুর থানার ২০২৫ সালের ১ এপ্রিল দায়ের করা একটি মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৬(২), ৮, ১২ ও ১৩ ধারায় অভিযোগ রয়েছে। মামলাটির জিআর নম্বর ৭৩/২৫।গ্রেপ্তার সাতজনকে মঙ্গলবার আদালতে সোপর্দ করেছে পুলিশ।