শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোর জেলার লালপুর থানার পুলিশের বিশেষ অভিযানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার সাথে জড়িত ৩ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। শনিবার (০৭ নভেম্বর ২০২৬) ভোররাতে লালপুর থানাধীন মনিহারপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ৩:৪৫ ঘটিকার সময় লালপুর থানার এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে লালপুর থানাধীন মনিহারপুর সাকিনস্থ জনৈক মোঃ মহির উদ্দিনের আমবাগানের ভেতরে অভিযান পরিচালনা করেন। অভিযানে সাইবার প্রতারক চক্রের ৩ জন সক্রিয় সদস্যকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন: মোঃ লালন আহম্মেদ (২৮), পিতা-মোঃ আশরাফ আলী, মোঃ হৃদয় আলী (২৪), পিতা-মোঃ আঃ মালেক, মোঃ সিজান আলী ওরফে সজিব (১৯), পিতা-মোঃ শফিকুল ইসলাম ওরফে সখিন, সর্বসাং-মনিহারপুর, থানা-লালপুর, জেলা-নাটোর।
অভিযানকালে ধৃত আসামিদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ০৬ (ছয়)টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। থানার রেকর্ডপত্র যাচাই করে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে ১ নম্বর ও ৩ নম্বর আসামির বিরুদ্ধে পূর্বেও অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড রয়েছে। তাদের বিরুদ্ধে ইতিপূর্বে পেনাল কোডের বিভিন্ন ধারায় মারামারি ও দাঙ্গাসংক্রান্ত মামলা এবং লালপুর থানার সাইবার সুরক্ষা আইনের মামলা রয়েছে।
এ ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৭(২)(খ)/২১(২)/২২(২)/২৭ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ৭ নভেম্বর ২০২৬ তারিখে ধৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।