মোঃ ইসমাইল হোসেন: চন্দ্রগঞ্জ উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে উৎসবমুখর পরিবেশে ম্যারিটশো বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় চন্দ্রগঞ্জ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আইডিয়াল মেমোরিয়াল অর্গানাইজেশনের উদ্যোগে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
‘জাতির জন্য নিজেকে গড়’—এই অঙ্গীকারকে সামনে রেখে প্রতিবছর শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে ম্যারিটশো বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে সংগঠনটি।
এবারের পরীক্ষায় লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলা ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৬১টি স্কুল ও মাদ্রাসার মোট ১ হাজার ২৪৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের মধ্যে ৫৫৬ জন ছাত্র এবং ৬৯১ জন ছাত্রী। ধর্মীয় পরিচয়ের হিসাবে ১ হাজার ১৮২ জন মুসলিম এবং ৬৫ জন হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন আইডিয়াল মেমোরিয়াল অর্গানাইজেশনের চেয়ারম্যান মাওলানা জসিম উদ্দিন। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন মুহা. হাফিজুর রহমান সজীব। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানায়, প্রশ্নপত্র তাদের কাছে সহজ ও পরিচিত মনে হয়েছে। পরীক্ষা দিয়ে তারা আনন্দিত। অন্যদিকে অভিভাবকরাও সন্তানদের এমন একটি মেধাভিত্তিক আয়োজনে অংশগ্রহণের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তোলার পাশাপাশি মেধা ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি এবং পড়াশোনায় উৎসাহিত করতেই তাঁদের এ উদ্যোগ। বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধা যাচাইয়ের সুযোগ পায় এবং ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা লাভ করে।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজক ও অভিভাবকরা।