
অপু দাস, রাজশাহী ব্যুরো: রাজশাহীর পদ্মা নদীতে নোঙর করে রাখা পর্যটনবাহী জাহাজ ‘সোনার তরী’কে ঘিরে নানা অনিয়ম ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। পর্যটন কার্যক্রমের আড়ালে অর্থের বিনিময়ে অপ্রাপ্তবয়স্ক তরুণ-তরুণীদের অবৈধভাবে একসঙ্গে সময় কাটানোর সুযোগ করে দেওয়ার অভিযোগের পর জাহাজটিতে যৌথ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। অভিযানে জাহাজটির চলাচলসংক্রান্ত বিভিন্ন নথিপত্রে অসংগতি ও মেয়াদোত্তীর্ণ হওয়ার বিষয়টি সামনে আসে। এসব কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাহাজটির চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (১১ নভেম্বর) নৌ পুলিশ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জাহাজটির পরিচালনা কার্যক্রম, প্রয়োজনীয় অনুমোদন এবং বিভিন্ন অভিযোগের বিষয়ে খোঁজখবর নেওয়া হয়। অভিযান শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জাহাজ পরিচালনাকারীদের স্পষ্টভাবে জানিয়ে দেয়, বিআইডব্লিউটিএর অনুমোদিত বৈধ কাগজপত্র ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া কোনোভাবেই জাহাজ পরিচালনা করা যাবে না। একই সঙ্গে জাহাজের কেবিন ব্যবহারের ক্ষেত্রে অনিয়ম ও অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। বৈধ কাগজপত্র, যেমন নিকাহনামা অথবা প্রামাণ্য পরিচয়পত্র যাচাই ছাড়া কোনো যুগলকে স্বামী-স্ত্রী পরিচয়ে শয়নকক্ষ বা কেবিন ব্যবহারের সুযোগ না দিতে জাহাজ কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।
স্থানীয় সূত্রে অভিযোগ পাওয়া গেছে, দীর্ঘদিন ধরে সাধারণ পর্যটনসেবার আড়ালে জাহাজটিতে অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছিল। পর্যটকদের আকৃষ্ট করতে বিভিন্ন নামে প্যাকেজ চালু করা হয়েছিল। নির্ধারিত অর্থের বিনিময়ে এসব প্যাকেজের আওতায় জাহাজে অবস্থানের সুযোগ দেওয়া হতো। জানা গেছে, বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত পাঁচ ঘণ্টার জন্য ‘পাবলিক প্যাকেজ’-এর ভাড়া নির্ধারণ করা হয়েছিল ৮০০ টাকা এবং ‘ফ্যামিলি প্যাকেজ’-এর ভাড়া ছিল ১ হাজার ৮০০ টাকা। অন্যদিকে, সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সারাদিনের প্যাকেজে ‘পাবলিক প্যাকেজ’-এর জন্য নেওয়া হতো ১ হাজার ৮০০ টাকা এবং ‘ফ্যামিলি প্যাকেজ’-এর জন্য ৩ হাজার টাকা। অভিযোগ রয়েছে, এসব প্যাকেজকে কেন্দ্র করে নিয়মিত পর্যটনসেবার বাইরে চুক্তিভিত্তিক অর্থের বিনিময়ে তরুণ-তরুণীদের একসঙ্গে অবস্থান ও মেলামেশার সুযোগ করে দেওয়া হতো। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে নানা আলোচনা ও অভিযোগ তৈরি হলে প্রশাসনের নজরে আসে। পরে অভিযোগের ভিত্তিতে নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএ যৌথভাবে জাহাজটিতে অভিযান চালায়। অভিযানের সময় জাহাজ পরিচালনার জন্য প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও অনুমোদন দেখতে চান সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে জাহাজ কর্তৃপক্ষের পক্ষ থেকে চাওয়া কাগজপত্র যথাযথভাবে উপস্থাপন করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
প্রাথমিক যাচাইয়ে আরও দেখা যায়, জাহাজটির চালকের প্রয়োজনীয় ড্রাইভিং লাইসেন্স নেই। পাশাপাশি জাহাজ চলাচলের জন্য আবশ্যক বিভিন্ন কাগজপত্রের মেয়াদও ইতোমধ্যে শেষ হয়ে গেছে। অর্থাৎ প্রয়োজনীয় অনুমোদন ও হালনাগাদ নথিপত্র ছাড়াই জাহাজটি পরিচালনার অভিযোগের বিষয়টি অভিযানে গুরুত্ব পায়। এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বিকাশ মন্ডল জানান, পর্যটনের নাম ব্যবহার করে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড কিংবা নিয়মবহির্ভূত ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়া হবে না। জাহাজ কর্তৃপক্ষ প্রয়োজনীয় বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় আপাতত এর চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন এবং সার্বিক বিষয় তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে, বিআইডব্লিউটিএর সুলতানগঞ্জ বন্দর কর্মকর্তা দীনেশ শাহ বলেন, জাহাজটির চালকের লাইসেন্স না থাকা এবং চলাচলসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আপাতত জাহাজ চলাচল স্থগিত রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদনসংক্রান্ত সব হালনাগাদ ছাড়পত্র ও প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে বিআইডব্লিউটিএতে জমা দিতে হবে। যাচাই-বাছাই শেষে কর্তৃপক্ষের অনুমতি পাওয়া গেলেই কেবল জাহাজটি পুনরায় চলাচল করতে পারবে। এদিকে, জাহাজটিকে ঘিরে ওঠা অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ এবং প্রয়োজনীয় নথিপত্রের অনিয়মের বিষয়ে ‘সোনার তরী’ কর্তৃপক্ষের বক্তব্য জানার জন্য যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। সব মিলিয়ে পদ্মা নদীতে পর্যটনসেবার নামে পরিচালিত কার্যক্রমের স্বচ্ছতা, নিরাপত্তা ও বৈধতা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত এবং প্রয়োজনীয় অনুমোদন যাচাইয়ের পর জাহাজটির ভবিষ্যৎ চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।