অপু দাস,রাজশাহী ব্যুরো: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালনের সূচনা করেছে রাজশাহী মহানগর বিএনপি। এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি পায়রা অবমুক্ত এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শনিবার (৭ নভেম্বর) সকালে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল।
এ সময় রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, বিভিন্ন থানা বিএনপির নেতৃবৃন্দ এবং মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে পায়রা অবমুক্ত এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির নির্ধারিত কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।