মোঃ মিজানুর রহমান, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কৃষিকাজ করতে এসে মো. ইয়াসিন (৩৭) নামে ভোলা জেলার এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার ৭ নম্বর বেতাগী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাত্তামার ঘোনা জোনে বাপের বাড়ি নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. ইয়াসিন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মো. জলিলের ছেলে। জীবিকার তাগিদে বর্ষা মৌসুমে কৃষিকাজ করতে তিনি তার ভগ্নিপতিসহ রাঙ্গুনিয়ায় এসেছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন।
নিহতের ভগ্নিপতি নুর মোহাম্মদ জানান, বর্ষা মৌসুমে কৃষিশ্রমিক হিসেবে কাজ করতে তারা ভোলা থেকে আত্মীয়স্বজনের একটি দল নিয়ে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় এসেছেন। ইয়াসিনের মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যদের জানানো হয়েছে এবং মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ জানান, সোমবার রোয়াজারহাট বাজার থেকে চুক্তিভিত্তিক দুইজন দিনমজুরকে কৃষিকাজের জন্য আনা হয়। মঙ্গলবার সকালে তারা ধানক্ষেতের আইল (পাড়) সংক্রান্ত কাজ করতে যান। কাজ করার একপর্যায়ে ইয়াসিন হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, ইয়াসিন স্থানীয় ইউছুফ ড্রাইভারের বাড়িতে থেকে কৃষিশ্রমিক হিসেবে কাজ করছিলেন। খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন বলেন, প্রাথমিকভাবে স্ট্রোকে ওই কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।