মোঃ মিজানুর রহমান, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতাসহ নিয়মিত মামলার ও আদালতের পরোয়ানাভুক্ত তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন লালানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক গিয়াস উদ্দিন শওকত (৫০)। তিনি লালানগর ইউনিয়নের মাস্টার বাড়ি এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, ব্র্যাক ব্যাংকের অর্থঋণ সংক্রান্ত মামলায় তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া মডেল থানার অর্থঋণ জারি মামলা নং-১৪৭৪/২৫ এর পরিপ্রেক্ষিতে আদালতের একটি সিআর পরোয়ানা ছিল। ওই মামলায় আদালত তাকে দুই মাসের আটকাদেশও দিয়েছেন বলে জানা গেছে। স্থানীয়ভাবে গিয়াস উদ্দিন শওকতের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।
এর মধ্যে উত্তর রাঙ্গুনিয়া স্কুলের সাবেক প্রধান শিক্ষককে জোরপূর্বক অব্যাহতি পত্রে স্বাক্ষর করানোর অভিযোগও রয়েছে। এছাড়া ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর স্থানীয় বিএনপির কয়েকজন নেতার মাধ্যমে রাজনৈতিক অবস্থান পরিবর্তনের চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ রয়েছে। অপরদিকে, নিয়মিত মামলার পলাতক আসামি মো. জসিম উদ্দিন জয়নাব (৩৮)-কেও বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মরিয়মনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সওদাগর পাড়ার আজিজুর রহমানের ছেলে। এছাড়া আদালতের দুটি সিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আলমগীর (৩৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের মৃত আলী আহম্মদের ছেলে। রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।