জিহাদুল ইসলাম,স্টাফ রিপোর্টার, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন—ওয়াশিম (৪০), মো. পারভেজ হোসেন (২০) ও মো. সাইফুল ইসলাম (৩৪)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করেছে পুলিশ। ট্রাফিক যাত্রাবাড়ী জোন সূত্রে জানা যায়, সোমবার রাতে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় নিয়মিত চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট মো. আব্দুল্লাহ আল নোমানী। এ সময় একটি প্রাইভেটকার বেপরোয়া গতিতে চেকপোস্টের দিকে আসতে দেখে পুলিশ সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। গাড়িটি থামার পরপরই আরোহীরা দ্রুত পালানোর চেষ্টা করলে কর্তব্যরত পুলিশ সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন।
পরবর্তীতে প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে পেছনের অংশে লুকানো অবস্থায় ৪৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
ট্রাফিক জোন সূত্রে আরও জানা যায়, আটক ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। উদ্ধারকৃত বিপুল পরিমাণ গাঁজা ও জব্দ করা প্রাইভেটকারসহ তাদের যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।