
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় আমন মৌসুমের শুরুতেই ধানের বাজারে দরপতন দেখা দিয়েছে। এতে হতাশ ও লোকসানের মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা। একদিকে বাড়তি উৎপাদন খরচ, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের ধাক্কা সামলে ফসল তুললেও ন্যায্য দাম না পাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা। উপজেলার ৫ নম্বর মাটিন্দর ইউনিয়নের শিবপুর গ্রামের কৃষক মোঃ হামিদ মণ্ডল এ বছর সাত বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছেন। তিনি জানান, জমি চাষ, চারা রোপণ, সার-কীটনাশক, সেচ এবং কাটা-মাড়াই মিলিয়ে বিঘাপ্রতি প্রায় ১৪ থেকে ১৫ হাজার টাকা খরচ হয়েছে। সাত বিঘায় তাঁর মোট ব্যয় দাঁড়িয়েছে লক্ষাধিক টাকা। মৌসুমের শুরুতে বৈরী আবহাওয়া ও পোকার আক্রমণে ফলনও কিছুটা কমেছে। এর ওপর ধারদেনা শোধ করতে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হওয়ায় আসল টাকা ওঠানোই কঠিন হয়ে পড়েছে। মধইল, নজিপুর, পাটিচরা ও শিহাড়া হাটসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, নতুন আমনের সরবরাহ বাড়লেও মিলার ও পাইকারদের উপস্থিতি কম। ফলে মণপ্রতি ধানের দাম ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত কমে গেছে।
শনিবার (২৮ নভেম্বর ২০২৬) পত্নীতলার হাটবাজারে প্রতি মণ (৪০ কেজি) আমন ধান বিক্রি হয়েছে— স্বর্ণা-৫-১,০৫০ থেকে ১,১০০ টাকা, ব্রি ধান-৪৯-১,১৫০ থেকে ১,২০০ টাকা, ব্রি ধান-৫১- ১,১০০ থেকে ১,১৪০ টাকা, কাটারিভোগ ১,৩৫০ থেকে ১,৪২০ টাকা এবং চিনিগুঁড়া ১,৬৫০ থেকে ১,৭৫০ টাকা দরে। মৌসুমের শুরুর দিকে এসব ধানের দাম মণপ্রতি আরও ১০০ থেকে ১৫০ টাকা বেশি ছিল। চাষিরা দ্রুত সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু করা এবং বাজার তদারকি জোরদার করার দাবি জানিয়েছেন, যাতে লোকসান কিছুটা হলেও পুষিয়ে নেওয়া যায়।