আবদুর রহমান মোল্লা, স্টাফ রিপোর্টার | কেরানীগঞ্জ
কেরানীগঞ্জের শুভঢ্যায় মোবাইল গেম খেলাকে কেন্দ্র করে সৃষ্ট তুচ্ছ বিরোধে এক বন্ধুর হাতে আরেক বন্ধুকে হত্যার মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
নিহতের পরিবারের পাশে দাঁড়িয়ে গভীর সমবেদনা জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সোহেল রানা ভাই। শনিবার এই শোকাবহ পরিস্থিতিতে তিনি নিহতের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের সান্ত্বনা দেন।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে সোহেল রানা ভাই বলেন, "একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এমন হৃদয়বিদারক ঘটনা আমাদের সকলের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং উদ্বেগের বিষয়।" তিনি বর্তমান সময়ের তরুণ প্রজন্মের গতিবিধি ও আচরণের ওপর অভিভাবকদের আরও বেশি যত্নশীল হওয়ার আহ্বান জানান।
সোহেল রানা ভাই আরও বলেন, "আমাদের সন্তানদের চলাফেরা, বন্ধু-বান্ধব নির্বাচন এবং মোবাইল ব্যবহারের বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখা এখন সময়ের দাবি। আমাদের সন্তানরাই আমাদের ভবিষ্যৎ। তাদের সঠিক দিকনির্দেশনা, নৈতিক শিক্ষা ও পারিবারিক নজরদারিই পারে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ও সহিংস ঘটনা প্রতিরোধ করতে।"
নিহতের আত্মার মাগফিরাত কামনা করে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি পুনরায় গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং সমাজের সর্বস্তরের মানুষকে এ ধরনের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।