জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি:
হঠাৎ করেই শুক্রবার (০৭ আগস্ট) সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির হলেন জেলার সিভিল সার্জন ড. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ। ঘড়িতে তখন সকাল ১১টা। খবর না দিয়ে এমন আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এক এক করে ঘুরে দেখলেন পুরো হাসপাতালের সকল বিভাগ। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসকদের দায়িত্বপালন থেকে শুরু করে রোগীদের থালায় পৌঁছানো খাবারের মান কোনো কিছুই চোখ এড়ায়নি সিভিল সার্জনের। সাধারণ ওয়ার্ডগুলোতে ঘুরে ভর্তি থাকা রোগীদের পাশে দাঁড়িয়ে শোনেন তাদের সমস্যার কথা, খোঁজ নেন চিকিৎসাসেবা ঠিকঠাক মিলছে কি না। পরিদর্শনের এক পর্যায়ে তিনি ছুটে যান হাম (Measles) আইসোলেশন ওয়ার্ডে। তবে পরিদর্শনের মূল কেন্দ্রবিন্দুতে ছিল ডেঙ্গু পরিস্থিতি। বর্তমান সময়ে ডেঙ্গু প্রতিরোধ এবং আক্রান্তদের সঠিক চিকিৎসা নিশ্চিত করতে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিশেষ দিকনির্দেশনা দেন তিনি। চিকিৎসকদের উদ্দেশে ড. বশির আহমেদ বলেন, হাসপাতালকে শতভাগ রোগীবান্ধব ও নিরাপদ করতে হবে। কর্মকর্তা থেকে শুরু করে কর্মচারীদের পর্যন্ত সবাইকে সর্বোচ্চ আন্তরিকতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। পরিদর্শনকালে সিভিল সার্জনের সাথে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ড. মো. মঞ্জুরুল ইসলাম, নার্সিং সুপারভাইজার মো. সাইফুল আলম মুন্সী, অফিস সহকারী মো. মাসুদ রিয়াদ, সহকারী স্বাস্থ্য পরিদর্শক জাকির হোসেন এবং ভারপ্রাপ্ত স্টোর কিপার আব্দুল কাদিরসহ হাসপাতালের অন্যান্য কর্মীরা।