মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় ভূমিসেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যা, অভিযোগ ও জনদুর্ভোগের কথা শুনতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে মান্দা উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে মান্দা-কুসুম্বা ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ আতিয়া খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ,উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার এমদাদুল হক, মান্দা-কুসুম্বা ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান, সাবেক ছাত্রনেতা নুরবক্স মণ্ডল এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন।
গণশুনানিতে স্থানীয় ভূমিসেবা প্রত্যাশীদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শোনার পাশাপাশি সেবাপ্রাপ্তি সহজ করা এবং ভূমি অফিসের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।