
মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার ভাঁরশো ইউনিয়নের আলালপুর হাজী শেখ আলম উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ মাটির ভবনটি উন্মুক্ত নিলামে ১ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছে। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ঘরটি কিনে নেন দেলুয়াবাড়ি গ্রামের লাল মিয়া।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় অত্র বিদ্যালয় মাঠে এ নিলাম অনুষ্ঠিত হয়। নিলাম কার্যক্রমে উপস্থিত ছিলেন নিলাম কমিটির আহবায়ক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি নাসির উদ্দিন সরদার, প্রধান শিক্ষক মো. আবু সাঈদ মন্ডলসহ বিদ্যালয়ের শিক্ষক, নিলাম কমিটির সদস্য বৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নিলামে অংশগ্রহণকারীরা এবং সাংবাদিক বৃন্দ।
উল্লেখ্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আবেদনের পরিপ্রেক্ষিতে পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ মাটির ভবনটি অপসারণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। গঠিত কমিটিকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে ভবনটি অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সরকারি বিধি-বিধান অনুসরণ করে উন্মুক্ত নিলামের মাধ্যমে ভবনটি বিক্রি করা হয়। নিলামে মান্দা উপজেলার আটজন ব্যবসায়ী অংশগ্রহণ করেন। এতে সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা দর দিয়ে ভবনটি কিনে নেন লাল মিয়া।#