
মোঃ আল-আমিন, স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ): মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বলড়া ও সদরের ভাড়ারিয়া বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণের দায়ে চারটি প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে এসব জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযানে দেখা যায়, একটি প্রতিষ্ঠানে পোড়া তেলে মিষ্টি তৈরি করা হচ্ছে।
অন্যদিকে বেকারির খাদ্যপণ্য ধুলাবালি ও মাছির উপস্থিতির মধ্যে তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ড্রিম গার্লের মালিক মিঠু খানকে ৫ হাজার, মিন্টু বেকারির মালিক মিন্টু চন্দ্র শীলকে ১৫ হাজার, গৌতম বেকারির মালিক রাম প্রসাদ মদককে ৫ হাজার এবং ভাড়ারিয়া বাজারের মেঘলাল মিষ্টান্ন ভান্ডারকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর মালিকদের খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণের পরিবেশ দ্রুত উন্নত করার জন্য সতর্ক করা হয়েছে। অন্যথায় পরবর্তী সময়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।