মোঃ জামাল উদ্দিন, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) সকালে উপজেলার দক্ষিণ বেজুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একজন শিশু সহ দুইজন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন উপজেলার বেঙ্গাডোবা গ্রামের বাবু মিয়ার ছেলে সিএনজি চালক আক্কাছ মিয়া (৩৮) এবং রতনপুর গ্রামের প্রয়াত মৃত্তিকা বিজ্ঞানী ডঃ কামরুল আহসানের স্ত্রী মনোয়ারা বেগম (৭০)।
আহতরা হলেন নিহত মনোয়ারার মেয়ে তাহমিনা বেগম (২৯) এবং নাতি আয়ান (০৪)।
আহত তাহমিনা আক্তার প্রাণ আরএফএল পাবলিক স্কুল এন্ড কলেজের ইংরেজি শিক্ষক এবং নাতি আয়ান রতনপুর কাশফিয়ান বিদ্যানিকেতনের প্লে ক্লাসের ছাত্র। মাধবপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন লিডার মাহমুদুল হাসান জানান, আহতদের কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ বেজুড়া এলাকার একটি সেতুর ওপর যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা অপর একটি সিএনজিকে অতিক্রম করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই চালক আক্কাছ মিয়ার মৃত্যু হয়। পরে গুরুতর আহত তিন যাত্রীকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ও মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। দুর্ঘটনার পরও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল বলে জানিয়েছে পুলিশ।