স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর)
‘ভিক্ষুকমুক্ত মাদারগঞ্জ’ গড়ার প্রত্যয়ে ভিক্ষুক ফজলি বেগমের পাশে দাঁড়িয়েছে মাদারগঞ্জ উপজেলা প্রশাসন। পুনর্বাসনের লক্ষ্যে তাকে চারটি ছাগল ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট ২০২৬) দুপুর ১২টার দিকে মাদারগঞ্জ উপজেলা পরিষদের সামনে আয়োজিত এক কর্মসূচির মাধ্যমে জোড়খালী ইউনিয়নের ভিক্ষুক ফজলি বেগমের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল দিও, মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিস রায়, উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুরুল কাদের বাবুল খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন আকন্দ এবং জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগের লক্ষ্য হলো ভিক্ষুকদের বিকল্প কর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করে ধীরে ধীরে মাদারগঞ্জ উপজেলাকে ভিক্ষুকমুক্ত করা।