মুহাম্মদ নেজাম উদ্দিন বিশেষ প্রতিনিধি: মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তোলার প্রত্যয়ে আজ ২৮শে আগস্ট ২০২৬ ইংরেজি শুক্রবার ফটিকছড়িতে উৎসবমুখর পরিবেশে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, ফটিকছড়ির আয়োজনে র্যালিটি উপজেলার 'ঝংকার মোড়' থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে 'ফটিকছড়ি বিবিরহাট বাস স্টেশন'-এ গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-০২ (ফটিকছড়ি) আসনের মাননীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর। র্যালিতে সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি এক প্রাণবন্ত আয়োজনে পরিণত হয়। এতে উপস্থিত অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে তুলে ধরা হয় যে, মাদক কেবল একজন ব্যক্তিকে নয়, বরং একটি পুরো পরিবার ও সমাজের ভবিষ্যৎ সম্ভাবনাকে ধ্বংস করে দেয়। তাই মাদকের এই বিষাক্ত ছোবল থেকে যুবসমাজকে বাঁচাতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি। মাদকমুক্ত ফটিকছড়ি, আমাদের অঙ্গীকার'— এই মূল সুরকে সামনে রেখে উপজেলার আপামর জনসাধারণকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আয়োজকরা।