মোঃ শরিফ হোসেন, ভোলা জেলা, প্রতিনিধি: ভোলার সাতটি উপজেলায় এ বছর ২ লাখ ৯৩ হাজার ১৩৬ জন শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ জুন (রবিবার) সারা দেশের ন্যায় একযোগে ভোলা জেলাতেও এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। সেদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে জেলার সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদিক মতবিনিময় সভায় এই তথ্য জানানো হয়। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ব্যাপক প্রচার ও সফল করার লক্ষ্যে জেলা স্বাস্থ্য বিভাগ এই সভার আয়োজন করে।
বয়স ও লক্ষ্যমাত্রার বিভাজন
সভায় জানানো হয়, জেলার দুই ক্যাটাগরির শিশুদের এই ক্যাপসুল দেওয়া হবে:
৬ থেকে ১১ মাস বয়সী শিশু: ৩৪ হাজার ৩৬৯ জন (নিল রঙের ক্যাপসুল)।
১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু: ২ লাখ ৫৮ হাজার ৭৭৬ জন (লাল রঙের ক্যাপসুল)।
ক্যাম্পেইনটি সফল ও নিরবিচ্ছিন্নভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। টিকাদান কার্যক্রমে নিয়োজিত থাকবেন মোট ২ হাজার ৮৩৫ জন কর্মী ও স্বেচ্ছাসেবক। এর মধ্যে রয়েছেন:
স্বাস্থ্যকর্মী: ২৭১ জন
পরিবার পরিকল্পনা কর্মী: ১২৭ জন
সিএইচসিপি (CHCP): ২২১ জন
স্বেচ্ছাসেবক: ২ হাজার ২১৬ জন
মতবিনিময় সভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব এবং শিশুদের অন্ধত্ব ও অপুষ্টি দূরীকরণে এর ভূমিকা বিস্তারিতভাবে তুলে ধরেন ভোলার সিভিল সার্জন ডা. মুঃ মনিরুল ইসলাম। তিনি জানান, ক্যাম্পেইন থেকে যেন কোনো শিশু বাদ না পড়ে, সে লক্ষ্যে প্রত্যন্ত অঞ্চলগুলোতেও বিশেষ নজরদারি রাখা হবে। সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. মনিরুজ্জামান খান, ভোলা প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু এবং সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. নাইমুল হাসানাত প্রমুখ। অনুষ্ঠানে ভোলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এই ক্যাম্পেইনের বার্তা জনমানুষের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।