নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভেদাভেদ ভুলে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে রাজনৈতিক ও সামাজিক বিভাজন ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে আজ বৃহস্পতিবার (২৮ মে) ঈদের নামাজ শেষে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে তিনি ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে ঈদের জামাতে অংশ নেন এবং স্থানীয় মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। মির্জা ফখরুল বলেন, ঈদুল আজহা ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এই শিক্ষা শুধু ব্যক্তিগত জীবনে নয়, সমাজ ও রাষ্ট্রীয় জীবনেও প্রতিফলিত হওয়া উচিত। তিনি বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনা করেন।
তিনি আরও বলেন, কোরবানির মাধ্যমে মানুষের ভেতরের হিংসা, বিদ্বেষ ও অকল্যাণ দূর করার শিক্ষা পাওয়া যায়। একই সঙ্গে সমাজে ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি। ঈদের আগে দেওয়া বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, সমাজে বিদ্যমান অসাম্য ও বঞ্চনা দূর করতে হলে সবাইকে মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধ নিয়ে এগিয়ে আসতে হবে। বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।