
নাইমুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) থেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পেয়েছেন মো. হাবিবুল্লাহ সরকার। পদোন্নতি উপলক্ষে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের আয়োজনে তাঁকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তার কাঁধে র্যাংক ব্যাজ পরিয়ে দেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মুঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা। এ সময় পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ সরকারকে পদোন্নতির জন্য অভিনন্দন জানান। পাশাপাশি সততা, নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ পুলিশের ৭৮ জন পুলিশ পরিদর্শককে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়। তাঁদের মধ্যে নিরস্ত্র শাখার ৬৭ জন, শহর ও যানবাহন শাখার ১০ জন এবং সশস্ত্র শাখার একজন কর্মকর্তা রয়েছেন। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সহ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পদোন্নতির মাধ্যমে নতুন দায়িত্বে উন্নীত হওয়ায় মো. হাবিবুল্লাহ সরকারকে সহকর্মীদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।