মাসুদ রানা মাসুম পার্বত্য ব্যুরো: বান্দরবান জেলা পুলিশের নতুন নেতৃত্ব ও আইন-শৃঙ্খলা রক্ষায় নতুন দিগন্তের প্রত্যয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার (এসপি) মো. ওহাবুল ইসলাম খন্দকার। আজ (১৭ মে) জেলা পুলিশ লাইন্স বা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। tসভায় বান্দরবান জেলায় কর্মরত বিভিন্ন জাতীয়, আঞ্চলিক দৈনিক এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বান্দরবান জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং পর্যটন নগরীর নিরাপত্তা জোরদারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, "পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে অপরাধ ও অনিয়ম দূর করা সম্ভব। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা পুলিশ প্রশাসনকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
তিনি আরও জানান, অপরাধ দমন, মাদক নির্মূল এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করবে। মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দ নবাগত পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং জেলার বিভিন্ন সমস্যা ও আইন-শৃঙ্খলা বিষয়ক নানা দিক তুলে ধরেন। পাহাড়ি জেলা বান্দরবানের ভৌগোলিক ও কৌশলগত গুরুত্ব বিবেচনায় নতুন পুলিশ সুপারের এই যোগদানে স্থানীয় জনমনে ব্যাপক ইতিবাচক সাড়া জেগেছে। উপস্থিত সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, মো. ওহাবুল ইসলাম খন্দকারের দূরদর্শী নেতৃত্বে বান্দরবানের আইন-শৃঙ্খলা রক্ষা, জনসেবা নিশ্চিতকরণ এবং একটি নিরাপদ ও শান্তিময় জেলা গঠনে নতুন দিগন্তের সূচনা হবে। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বান্দরবান প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।