
মাসুদ রানা মাসুম, পার্বত্য ব্যুরো:
বান্দরবান পৌর এলাকার বালাঘাটা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ৯টি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও তাৎক্ষণিক সংকট কাটাতে নগদ অর্থ এবং খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
গত ৮ জুন (সোমবার) বিকেলে বান্দরবানের বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা তুলে দেওয়া হয়। অগ্নিকাণ্ডের শিকার প্রতিটি পরিবারকে পুনর্বাসনের জন্য তিন পক্ষ থেকে আলাদা আলাদাভাবে এই সহায়তা প্রদান করা হয়। প্রাপ্ত তথ্যানুযায়ী: জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি পরিবারকে ৭,৫০০ টাকার চেক এবং ৩০ কেজি করে চাল দেওয়া হয়। বান্দরবান ৩০০ নং আসনের মাননীয় সংসদ সদস্য সাচিং প্রু এমপি'র পক্ষ থেকেও একইভাবে প্রতি পরিবারকে ৭,৫০০ টাকার চেক এবং ৩০ কেজি করে চাল প্রদান করা হয়। এছাড়া আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারের প্রত্যেকটিকে ৭,০০০ টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
ফলে দুর্যোগের শিকার প্রতিটি পরিবার এককালীন মোট ২২,০০০ টাকা নগদ/চেক এবং ৬০ কেজি করে চাল সহায়তা হিসেবে পেয়েছে, যা তাদের প্রাথমিক ধাক্কা সামলে উঠতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন অনেকে। সহায়তা বিতরণকালে বান্দরবানের জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে সরাসরি কথা বলেন এবং তাদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন। তিনি পরিবারগুলোকে সান্ত্বনা দিয়ে সরকারের পক্ষ থেকে ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক মো: সানিউল ফেরদৌস-এর সাথে আরও উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফা সুলতানা খান হীরামনি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বুলবুল আক্তার সেতুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দুর্যোগের এই মুহূর্তে দ্রুত প্রশাসনিক ও সামাজিক সাড়া পাওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। স্থানীয়রা জানান, এই দ্রুত উদ্যোগের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস পাবে।