
আবদুল আজিজ সায়েম,নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ৩৬তম বার্ষিক সাধারণ সভা ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সভায় সদস্যদের সঞ্চয়ের ওপর ৪ শতাংশ এবং শেয়ারের ওপর ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়।
রবিবার (২৯নভেম্বর) বিকালে বসুরহাট পৌরসভা মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আবদুল মতিন লিটন। সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজনের সঞ্চালনায় সভায় সমিতির বিগত দিনের কার্যক্রম, আয়-ব্যয়ের হিসাব ও আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
তৃতীয়বারের মতো রাষ্ট্রপতি স্বর্ণপদকপ্রাপ্ত এ সমিতির সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও সমিতির সদস্য অধ্যক্ষ বেলায়েত হোসেন স্বপন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, বসুরহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি প্রফেসর আবুল বাসার, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন সগীর এবং আফরোজা ব্রিকস অ্যান্ড ম্যানুফ্যাকচারিংয়ের চেয়ারম্যান আলহাজ্ব আবদুস সাত্তার।
এ ছাড়া কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল, বসুরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেলসহ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমিতির সদস্যরা বক্তব্য দেন।
সভায় সভাপতি আবদুল মতিন লিটন সদস্যদের সঞ্চয়ের ওপর ৪ শতাংশ ও শেয়ারের ওপর ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেন। এ ঘোষণায় উপস্থিত সদস্যদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা যায়।
বার্ষিক সাধারণ সভা উপলক্ষে সদস্যদের জন্য বিশেষ আয়োজন করা হয়। র্যাফেল ড্রয়ের মাধ্যমে ৯৭ জন সদস্যকে সাধারণ পুরস্কার হিসেবে দুটি করে প্লেট দেওয়া হয়। এ ছাড়া প্রথম পুরস্কার হিসেবে তিনজনকে ডিনার সেট, দ্বিতীয় পুরস্কার হিসেবে একজনকে এবং তৃতীয় পুরস্কার হিসেবে আরও একজনকে কম্বল দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক সদস্যকে ৫০০ টাকা করে উপস্থিতি ভাতা, ছয়টি করে উন্নতমানের কাপ ও নাশতা প্রদান করা হয়।
সভায় সমিতির সার্বিক অগ্রগতি, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সমাপনী বক্তব্যে সভাপতি আবদুল মতিন লিটন উপস্থিত অতিথি, সদস্য ও ব্যবসায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সমিতি থেকে ঋণ নেওয়া সদস্যদের যথাসময়ে ঋণ পরিশোধের আহ্বান জানান। ঋণের টাকা আদায়ে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি সমিতির উন্নয়ন ও সদস্যদের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ভবিষ্যতে সমিতির কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।