রিপন আহমদ, মৌলভীবাজার প্রতিনিধঃ
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব (সিতেশ বাবু) আজ মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) সকাল ৯টা ৫ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেছেন। তাঁর আকস্মিক প্রয়াণে দেশের বন্যপ্রাণী সংরক্ষণ অঙ্গন এবং প্রকৃতিপ্রেমীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
শ্রীমঙ্গল রামকৃষ্ণ মিশন রোডের বাসিন্দা সিতেশ বাবু মঙ্গলবার সকালে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক ঐতিহ্য: ১৯৬২ সাল থেকে তাঁর বাবা শ্রীশ চন্দ্র দেব শখের বশে বন্যপ্রাণী উদ্ধার ও সেবা করা শুরু করেন। বাবার সেই আদর্শ ও অনুপ্রেরণায় সিতেশ বাবুও বন্যপ্রাণী সেবায় আত্মনিয়োগ করেন।
সেবাশ্রম প্রতিষ্ঠা: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর তিনি শ্রীমঙ্গলে নিজের বাড়ির আঙিনায় আনুষ্ঠানিকভাবে গড়ে তোলেন 'বন্যপ্রাণী সেবাশ্রম'। এটিই পরবর্তীতে সাধারণ মানুষের কাছে "সিতেশ বাবুর চিড়িয়াখানা" নামে পরিচিতি লাভ করে।
বন্যপ্রাণী রক্ষা করতে গিয়ে ১৯৯১ সালে তিনি একটি বন্য ভালুকের আক্রমণের শিকার হন। এই ভয়াবহ দুর্ঘটনায় তিনি তাঁর ডান চোখ এবং মুখের একাংশের অবয়ব হারান। তবুও মৃত্যুর মুখ থেকে ফিরে এসে তিনি আমৃত্যু বন্যপ্রাণীর সেবা করে গেছেন লোকালয়ে চলে আসা বা আহত হওয়া অসংখ্য বিরল প্রজাতির পশুপাখি উদ্ধার, চিকিৎসা এবং সুস্থ করার পর বনে অবমুক্ত করার ক্ষেত্রে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে