স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের হাজিপুর গ্রামে এক চাল ব্যবসায়ীর বাড়ি থেকে ৮ হাজার কেজি চাল জব্দ করেছে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।
জানা যায়, হাজিপুর গ্রামের ধান, পাট ও চাল ব্যবসায়ী মো. বেলাল হোসেনের (অটো) বাড়ি থেকে চালগুলো জব্দ করা হয়। জব্দকৃত চালের মধ্যে ৫০ কেজি ওজনের ১৫২টি প্লাস্টিকের বস্তায় ৭ হাজার ৬০০ কেজি এবং ৪০ কেজি ওজনের ১০টি বস্তায় ৪০০ কেজি চাল রয়েছে। সব মিলিয়ে চালের পরিমাণ ৮ হাজার কেজি। জব্দের পর চালগুলো ৪ নম্বর মিঠাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ হোসেন ও পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেনের জিম্মায় রাখা হয়েছে।
এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সুলতান মাহমুদ জানান, মোট ৮ হাজার কেজি চাল জব্দ করা হয়েছে। এর মধ্যে ভিজিডি (VWB) কর্মসূচির চালের পাশাপাশি খাদ্যবান্ধব কর্মসূচির চালও রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মিঠাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, মহিলা বিষয়ক কর্মকর্তার জব্দ করা চালগুলো পরিষদের গুদামে সংরক্ষণ করা হয়েছে। তিনি আরও জানান, এ ইউনিয়নে ভিজিডি কর্মসূচির আওতায় ২৩৫ জন উপকারভোগী চাল পেয়ে থাকেন। প্রত্যেককে ৩০ কেজি করে চাল দেওয়া হলে মোট চালের পরিমাণ দাঁড়ায় ৭ হাজার ৫০ কেজি।
অন্যদিকে, চাল ব্যবসায়ী বেলাল হোসেন দাবি করেন, তিনি উপজেলার বিভিন্ন স্থান থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কিনেছেন। তবে তার কাছে ভিজিডি কর্মসূচির কোনো চাল নেই। এদিকে, চাল জব্দের ঘটনার খবর পেয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।