মোঃ হিমেল হোসেন, উপজেলা প্রতিনিধি বদলগাছী, নওগাঁ
নওগাঁর বদলগাছীতে বজ্রপাতে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আলাউদ্দিন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সোমবার রাত আনুমানিক ১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত আলাউদ্দিন উপজেলার বিলাসবাড়ী ইউনিয়নের নাজিরপুর গ্রামের মৃত ইব্রাহিম হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত প্রায় ৮টার দিকে আলাউদ্দিন বালুভরা বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে নাজিরপুর-সরস্বতী সেতু সংলগ্ন এলাকায় পৌঁছালে আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। এতে তার শরীরের একটি অংশ ঝলসে যায় এবং তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরবর্তীতে আরও উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে রাজধানীর পথে নেওয়ার সময় তার মৃত্যু ঘটে।
আলাউদ্দিনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে নাজিরপুর গ্রামসহ আশপাশের এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। খবর পেয়ে বিলাসবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান কেটু নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে আবহাওয়া সংশ্লিষ্টরা বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বজ্রধ্বনি শোনা গেলে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং খোলা মাঠ, জলাশয় ও উঁচু গাছের নিচে অবস্থান না করার আহ্বান জানানো হয়েছে।