
এম. আজাদ খান স্টাফ রিপোর্টার, বগুড়া: বগুড়ায় অসচ্ছল শিশুদের জীবনযাত্রার মান উন্নয়নে ৫০০ শিশুর মাঝে স্লিপিং কিট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কানাডার ‘স্লিপিং চিলড্রেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’ কর্মসূচির আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বগুড়া শহরের ইয়াকুবিয়া গার্লস হাইস্কুল প্রাঙ্গণে ৯ থেকে ১২ বছর বয়সী শিশুদের মধ্যে ১৫ ধরনের প্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রীসমৃদ্ধ স্লিপিং কিট বিতরণ করা হয়। রোটারি ক্লাব অব ঢাকার আয়োজনে এবং রোটারি ক্লাব অব বগুড়ার সহযোগিতায় আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা।
কর্মসূচির আওতায় সারাদেশে ৬ হাজার শিশুর মধ্যে এবং বগুড়া অঞ্চলে ৫০০ শিশুর মাঝে এসব স্লিপিং কিট বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোশারফ হোসেন, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, ইয়াকুবিয়া গার্লস হাইস্কুলের সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, রোটারি ক্লাব অব ঢাকা ও রোটারি ক্লাব অব বগুড়ার রোটারিয়ানরা এবং কানাডা থেকে আগত কর্মসূচির কর্মকর্তারা।