বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর: ফরিদপুরে সড়ক পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা, যাত্রী ও চালকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিদ্যমান বিভিন্ন সমস্যা নিরসনের লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে জেলা পুলিশ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। সভায় বক্তব্য দেন শ্রমিক নেতা গোলাম আজাদ, বজলুর রশিদ, ইয়াসিন মোল্লা, আব্দুল হাকিম মিয়া, মোহাম্মদ সোহেল, রাজিবুর রহমান, মিলন বেপারী, সোলেমান মোল্লা, আবুল কালাম আজাদ, সাজ্জাদ হোসেন সুমন ও মারুফ মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শামসুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রায়হান গফুর, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলোচনা সভায় সড়ক পরিবহন খাতের বিভিন্ন সমস্যা, যানজট নিরসন, ট্রাফিক আইন মেনে চলা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা হ্রাস এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, ট্রাফিক বিভাগের সদস্যসহ বিভিন্ন অংশীজন সড়ক পরিবহন ব্যবস্থার বিদ্যমান সমস্যা তুলে ধরেন এবং কার্যকর সমাধানের লক্ষ্যে বিভিন্ন সুপারিশ প্রদান করেন।
এছাড়া , নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সকল পক্ষের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশের প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে। সভায় আরও সিদ্ধান্তমূলক কয়েকটি বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এর মধ্যে রয়েছে— চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স যাচাই, প্রয়োজন অনুযায়ী ডোপ টেস্ট পরিচালনা এবং মাদকাসক্ত বা পরীক্ষায় পজিটিভ চালকদের গাড়ি চালানো থেকে বিরত রাখা, সড়কের ওপর বাজার না বসতে দেওয়া, নির্ধারিত স্থানে যানবাহন পার্কিং নিশ্চিত করা, পুলিশের টহল জোরদার, হাইওয়ে পুলিশের কার্যক্রম আরও সক্রিয় করা এবং মাদকের বিস্তার রোধে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান। সভায় ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপ, মিনিবাস মালিক গ্রুপ, ফরিদপুর জেলা মোটর ওয়ার্কার্স ইউনিয়ন-১০৫৫, ফরিদপুর আন্তঃজেলা শ্রমিক ইউনিয়ন, ফরিদপুর জেলা মাইক্রোবাস মালিক-শ্রমিক ইউনিয়ন, ফরিদপুর জেলা অটো-টেম্পু শ্রমিক ইউনিয়ন, ফরিদপুর জেলা অ্যাম্বুলেন্স মালিক সমিতিসহ বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।