বিশেষ প্রতিনিধি আশিষ কুমার সাহা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু-কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত করায় হাসপাতাল পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে। শুক্রবার (২৬ জুন ২০২৬) সকাল সাড়ে ১১টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, বিভাগীয় প্রধান, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নবনিযুক্ত সভাপতিকে উষ্ণ অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক ও বিভিন্ন বিভাগের প্রধানরা বক্তব্যে হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণ এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা আশা প্রকাশ করেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কুর নেতৃত্বে হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী ঈসা, জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুল হোসেন খান পলাশ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এছাড়াও জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় ফরিদপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা বাশারসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরাও সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। মুক্ত আলোচনায় হাসপাতালের সার্বিক উন্নয়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। বক্তারা হাসপাতালের শয্যা (বেড) সংখ্যা বৃদ্ধি, জরুরি স্বাস্থ্যসেবা আরও গতিশীল করতে হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্স ব্যবস্থাপনা সুসংগঠিত করা এবং হাসপাতালের ভেতরে অনিয়ন্ত্রিতভাবে গড়ে ওঠা দোকানপাট ও বাণিজ্যিক কার্যক্রম নিয়ন্ত্রণের দাবি জানান। তারা বলেন, এসব সমস্যা দ্রুত সমাধান করা গেলে রোগীরা আরও নিরাপদ, সুশৃঙ্খল ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন।
সভাপতির দায়িত্ব গ্রহণের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালকে একটি আধুনিক, সেবাবান্ধব ও জনমুখী প্রতিষ্ঠানে পরিণত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে কাজ করবেন। রোগীদের সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হাসপাতালের দীর্ঘদিনের সমস্যা পর্যায়ক্রমে সমাধানে তিনি আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দেন। উৎসবমুখর ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে হাসপাতালের উন্নয়ন ও জনসেবার মান আরও সমৃদ্ধ করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রত্যয় ব্যক্ত করা হয়।