বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর
কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে ফরিদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে সার, উন্নতমানের বীজ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
কৃষি প্রণোদনা কর্মসূচি ২০২৫–২৬ অর্থবছরের আওতায় খরিপ-২ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধি এবং বৃক্ষরোপণ কর্মসূচিকে বেগবান করতে আজ মঙ্গলবার এ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।
এ সময় বক্তারা বলেন কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের কৃষিবান্ধব বিভিন্ন উদ্যোগ কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এবং টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে উপকারভোগী কৃষক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সার, উন্নতমানের বীজ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাদুজ্জামানসহ কৃষি বিভাগের কর্মকর্তা, বিআরডিবির প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।