কাজী আন্নিল তানভীর, স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি কিংবা পরীক্ষার পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন ঢাকা জেলার জেলা প্রশাসক মিজ ফরিদা খানম। আজ সোমবার (৬ জুলাই) রাজধানীর সিদ্ধেশরী গার্লস কলেজে এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন। প্রশাসনের সর্বোচ্চ প্রস্তুতি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান ডিসি ফরিদা খানম। তিনি উল্লেখ করেন, প্রতিটি কেন্দ্রে নিয়মিত তদারকির জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
গুজব প্রতিরোধে আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য যেকোনো উপায়ে প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে তিনি বলেন: এ ধরনের অপপ্রচারে কেউ যেন কান না দেন এবং যাচাই-বাছাই না করে কোনো তথ্য প্রচার বা শেয়ার করা থেকে বিরত থাকুন। পরীক্ষার্থীদের সহায়তায় প্রশাসন পরীক্ষার্থীরা যাতে কোনো ধরনের সমস্যা ছাড়াই নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারে, সে জন্য সব ধরনের প্রশাসনিক সহায়তা নিশ্চিত করা হয়েছে। পরিদর্শনের সময় তিনি কেন্দ্রের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং পরীক্ষা পরিচালনার সামগ্রিক দিক পর্যবেক্ষণ করেন। সবশেষে, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান জেলা প্রশাসক।