
আঃ খালেক,গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি: নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশিত জেলা ভিত্তিক ধাপের সার-সংক্ষেপ তালিকা অনুযায়ী, প্রথম ধাপে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত ওই তালিকায় পাঁচ ধাপে দেশের মোট ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদের বিভাজন তুলে ধরা হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ১২৭টি উপজেলার আওতায় ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তালিকা রয়েছে। দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদের তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে।
তালিকার তথ্য অনুযায়ী, সিলেট জেলার প্রথম ধাপে গোয়াইনঘাটের ৯টি ইউনিয়নের পাশাপাশি কোম্পানীগঞ্জ উপজেলার ৬টি এবং জৈন্তাপুর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নাম রয়েছে। প্রথম ধাপে গোয়াইনঘাটের যে ৯টি ইউনিয়ন পরিষদের নাম তালিকায় রয়েছে, সেগুলো হলো— রুস্তমপুর, লেঙ্গুড়া, পূর্ব আলীরগাঁও, ফতেপুর, নন্দিরগাঁও, তোয়াকুল, ডৌবাড়ী, পশ্চিম আলীরগাঁও ও বিছনাকান্দি। তালিকা প্রকাশের পর সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে সম্ভাব্য চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের মধ্যে নির্বাচনী তৎপরতা ও স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। তফসিল ও চূড়ান্ত সময়সূচি অনুযায়ী পরবর্তী ধাপের কার্যক্রম পরিচালিত হবে।