খাগড়াছড়ি প্রতিনিধি
তিন পার্বত্য জেলার পিছিয়ে পড়া বাঙালিদের আয়কর মওকুফ ও বাজারফান্ড এলাকায় ব্যাংক ঋণ পুনরায় চালুর দাবিতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা। ৬ জুলাই সোমবার সকাল ১০টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে সংগঠনটির খাগড়াছড়ি জেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে তিন পার্বত্য জেলার পিছিয়ে পড়া বাঙালিদের জন্য আয়কর মওকুফ এবং বাজারফান্ড এলাকায় পূর্বের ন্যায় ব্যাংক ঋণ কার্যক্রম পুনরায় চালুর জোর দাবি জানানো হয়। বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া বাঙালি জনগোষ্ঠীর ন্যায্য অর্থনৈতিক অধিকার নিশ্চিত করতে সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ সময়ের দাবি। সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ আবদুল মজিদ, আহবায়ক কমিটির সদস্য এরশাদ হোসেন, শাহাদাত হোসেন, রবিউল হোসেন, (মাটিরাঙ্গা উপজেলা) রবিউল হোসেন, (খাগড়াছড়ি সদর), পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদ'র খাগড়াছড়ি জেলা সভাপতি জালাল আহমেদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ'র সাবেক সভাপতি সুমন আহমেদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ'র সভাপতি মুজাহিদুল ইসলাম, সদর উপজেলা সভাপতি তরিকুল ইসলাম রায়হান, খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার সভাপতি মাকসুদুল আলম উপস্থিত ছিলেন।