এইচ এম সবুজ,স্টাফ রিপোর্টার, কক্সবাজার: কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়নে পারিবারিক বিরোধের জেরে ভাতিজাদের ছুরিকাঘাতে গুরুতর আহত আবুল হাশেম (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।নিহত আবুল হাশেম পূর্ববড় ভেওলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়া পাড়া গ্রামের মরহুম ইউছুফ আলীর ছেলে এবং চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী এলাকার ব্যবসায়ী মোহাম্মদ গুরা মিয়া সওদাগরের জামাতা। তিনি তিন সন্তানের জনক ছিলেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার (৬ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে পারিবারিক বিরোধের একপর্যায়ে আবুল হাশেমের ওপর হামলা চালায় তাঁর দুই ভাতিজা সোহেল ও রাসেল। অভিযোগ রয়েছে, হামলার সময় ধারালো ছুরি দিয়ে তাঁর পেটে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।
রক্তাক্ত অবস্থায় স্বজন ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আইসিইউতে টানা তিন দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীও এ ধরনের মর্মান্তিক ঘটনার নিন্দা জানিয়েছেন। নিহতের পরিবার অভিযোগ করে জানায়, এ ঘটনায় জড়িত সোহেল (২২), রাসেল (২৮) ও নুর মোহাম্মদকে দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।